সত্যজিৎ দাস, (মৌলভীবাজার):
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের শতাধিক সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন পরিদর্শন করেছে।
শনিবার (২৭ জুন) দুপুর ১২টায় অনুষদের বিভাগীয় প্রধান ড. মতিউর রহমানের নেতৃত্বে ৮ জন শিক্ষক ও ৯২ জন শিক্ষার্থীসহ ১০০ সদস্যের প্রতিনিধি দল ফাউন্ডেশনের বিভিন্ন সংরক্ষণ কার্যক্রম ও চিকিৎসা সেবা সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রতিনিধি দল আহত,অসুস্থ ও বিপন্ন বন্যপ্রাণী উদ্ধার,চিকিৎসা,পুনর্বাসন এবং সুস্থ হওয়ার পর প্রকৃতিতে অবমুক্ত করার কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। পাশাপাশি পশু-পাখির জীবন রক্ষা ও কল্যাণে পরিচালিত বিভিন্ন সেবামূলক কার্যক্রম ঘুরে দেখেন এবং এ বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।
এ সময় শিক্ষক ও শিক্ষার্থীরা বন্যপ্রাণীর চিকিৎসা ব্যবস্থাপনা,গবেষণা কার্যক্রম এবং পশু-পাখির জন্য ওষুধ ও আধুনিক চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনে পরিচালিত গবেষণার বিভিন্ন দিক সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। পরিদর্শন শেষে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিনিধি দলের সদস্যদের মাঝে কয়েকটি বিরল প্রজাতির গাছের চারা উপহার দেওয়া হয়।
এছাড়া বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেবকে একটি শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় বিভাগীয় প্রধান ড. মতিউর রহমান বলেন,”শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও গবেষণার আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কার্যক্রম ভবিষ্যৎ ভেটেরিনারিয়ানদের জন্য একটি কার্যকর শিক্ষণ ক্ষেত্র হিসেবে কাজ করবে।”
পরিবেশকর্মী রাজীদপ দেব দীপ বলেন, “বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে শিক্ষা প্রতিষ্ঠান,গবেষক এবং স্বেচ্ছাসেবীদের মধ্যে সমন্বিত উদ্যোগ অত্যন্ত প্রয়োজন। এ ধরনের শিক্ষা সফর শিক্ষার্থীদের মধ্যে বন্যপ্রাণী সংরক্ষণে দায়িত্ববোধ সৃষ্টি করবে এবং প্রকৃতি রক্ষায় ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করবে।”

