সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক ও জনপথ বিভাগের সড়কে অবৈধভাবে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা আদায় এবং বিপুল পরিমাণ বালু জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের নির্দেশনায় এবং কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের তত্ত্বাবধানে উপজেলার শমসেরনগর সংযোগ সড়কের কুনিমুড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুল ইসলাম।
উক্ত অভিযানে সড়ক ও জনপথ বিভাগের রাস্তার ওপর অবৈধভাবে বালু রেখে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং জনসাধারণের দুর্ভোগের প্রমাণ পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০-এর আওতায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে সড়কে রাখা বালু জব্দ করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুল ইসলাম বলেন,“জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে কিংবা সরকারি সড়ক দখল করে কোনো ধরনের অবৈধ কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। সড়কে বালু,মাটি বা অন্য কোনো উপকরণ ফেলে জনদুর্ভোগ সৃষ্টি করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অভিযানকালে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

