যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী যে প্রতিক্রিয়া দেখিয়েছে, তা আক্রমণকারী পক্ষের প্রত্যাশার বাইরে ছিল বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
বুধবার এক ভাষণে তিনি বলেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পর ইরান আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালী ও মর্যাদাসম্পন্ন রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করেছে। তার দাবি, দেশটির প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা ও জনগণের ঐক্য বিশ্ববাসীর সামনে নতুনভাবে প্রতিফলিত হয়েছে।
পেজেশকিয়ান বলেন, বিরোধী পক্ষ ধারণা করেছিল খুব অল্প সময়ের মধ্যেই ইসলামিক প্রজাতন্ত্রের রাজনৈতিক কাঠামো ভেঙে ফেলা সম্ভব হবে এবং তাদের পছন্দের শক্তিকে ক্ষমতায় বসানো যাবে। কিন্তু বাস্তবে ইরানের সশস্ত্র বাহিনী এমন প্রতিরোধ গড়ে তুলেছে, যা তাদের সব হিসাব-নিকাশ বদলে দিয়েছে।
তিনি আরও বলেন, দেশের সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর দৃঢ় অবস্থান জাতির জন্য গৌরবের অধ্যায় রচনা করেছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
উল্লেখ্য, সংঘাতের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিলেন। তবে বর্তমানে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে জানা গেছে।

