বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পসহ নদী ও পানিসম্পদ উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে চীন। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইং-এর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের মধ্যে পানিসম্পদ ব্যবস্থাপনা, নদী উন্নয়ন এবং বন্যা নিয়ন্ত্রণে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐকমত্য হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের নদী খনন কার্যক্রম, বন্যা ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনার বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি তিস্তা ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে চীনের কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা কামনা করেন।
জবাবে চীনের পানিসম্পদমন্ত্রী বাংলাদেশের পানিসম্পদ উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি উল্লেখ করেন, দুই দেশের মধ্যে পানি ব্যবস্থাপনা খাতে দীর্ঘদিনের সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে, যা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে।
আলোচনায় নদীভাঙন প্রতিরোধ, আধুনিক সেচ ব্যবস্থা উন্নয়ন এবং নৌ-নেভিগেশন সক্ষমতা বৃদ্ধির বিষয়ও গুরুত্ব পায়। এ সময় চীনা মন্ত্রী বাংলাদেশের পানি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য চীনে পাঠানোর আহ্বান জানান এবং এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তার প্রতিশ্রুতি দেন।
বৈঠকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই বৈঠক তিস্তা প্রকল্প বাস্তবায়ন এবং বাংলাদেশ-চীন পানি সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি করবে।

