বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে প্রথমবারের মতো একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। দুই দলের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে এই চুক্তি সম্পন্ন হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) চীনের রাজধানী বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয়।
বিএনপির পক্ষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও দলের যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইক্সিং চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, এই সমঝোতা স্মারক দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের বিদ্যমান কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করার ক্ষেত্রেও এটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
বেইজিংয়ে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষরকে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

