চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ান শহর থেকে উচ্চগতির বুলেট ট্রেনে রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় দুপুরে দালিয়ান ত্যাগ করে বিকেলে বেইজিংয়ে পৌঁছান তিনি।
এর আগে সকালে দালিয়ানে অনুষ্ঠিত World Economic Forum Annual Meeting of the New Champions বা ‘সামার দাভোস’ সম্মেলনের বিভিন্ন কার্যক্রমে অংশ নেন প্রধানমন্ত্রী। বিশ্ব অর্থনীতি, প্রযুক্তি, উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন নিয়ে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, ব্যবসায়ী, গবেষক ও গণমাধ্যম প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সরকারি সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠক ও কূটনৈতিক কার্যক্রমেও অংশ নেওয়ার কথা রয়েছে। সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অবকাঠামো সহযোগিতা নিয়ে আলোচনা গুরুত্ব পেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, তিন দিনের সরকারি সফরে গত ২২ জুন মালয়েশিয়া হয়ে চীনের দালিয়ান শহরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের শেষ পর্যায়ে তিনি বেইজিংয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।

