যুক্তরাষ্ট্রের নীতিতে বড় পরিবর্তন এসেছে বলে জানা গেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আন্তর্জাতিক বাজারে ইরান এখন পূর্ণ দামে তেল বিক্রি করতে পারবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন চুক্তির পর এই পরিবর্তন আসে। চুক্তি অনুযায়ী, নির্ধারিত কিছু শর্ত পূরণ করলে ইরানের জব্দ থাকা সম্পদও ছাড় করবে ওয়াশিংটন।
একই সঙ্গে আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা ও বৈশ্বিক বাজারে ইরানের প্রবেশাধিকারের ওপর থাকা কিছু বিধিনিষেধও শিথিল করা হয়েছে।
এর ফলে এতদিন যেসব ক্রেতা রাজনৈতিক ঝুঁকির কারণে ইরানি তেল কম দামে কিনতে বাধ্য হতো, তারা এখন বৈশ্বিক বাজারদরের ভিত্তিতে অর্থ পরিশোধ করতে হবে বলে জানা গেছে। এতে ইরানের তেল রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত ইরানের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এবং বৈদেশিক মুদ্রা আয়ের নতুন সুযোগ তৈরি করতে পারে।
তবে যুক্তরাষ্ট্র বলছে, এই ছাড় সম্পূর্ণ শর্তসাপেক্ষ। নির্ধারিত মানদণ্ড পূরণ না করলে পূর্বের বিধিনিষেধ পুনর্বহাল করা হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, আগামী ৬০ দিনের জন্য কিছু বিধিনিষেধ শিথিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, চুক্তির শর্ত ভঙ্গ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

