সত্যজিৎ দাস:
সিলেটের গোলাপগঞ্জে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত দুটি স্মার্টফোন ও চারটি হিসাব-সংক্রান্ত খাতা জব্দ করা হয়েছে।
র্যাব-৯ সূত্রে জানা যায়,গত ১৯ জুন রাত প্রায় ৮টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজারের হোসেন এন্টারপ্রাইজে অভিযান চালায়। খবর ছিল,সেখানে কয়েকজন ব্যক্তি অনলাইনে জুয়ার কার্যক্রম পরিচালনা করছেন।
র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোলাপগঞ্জ উপজেলার কায়স্ত গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে আবুল মিয়া (৩৫) এবং হেতিমগঞ্জ এলাকার শাহাবুদ্দিনের ছেলে মোস্তাক আহমদ রাজন (৩৬)।
র্যাব জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন যে, তারা FA999, KG999, FG66, CV999, GB99, VB8, 6rwin, 1333bet, 1xBetসহ বিভিন্ন অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে মানুষকে অর্থের লোভ দেখিয়ে যুক্ত করতেন এবং এর বিপরীতে কমিশন পেতেন। তারা ২০০ টাকা বিনিয়োগে কয়েক হাজার টাকা লাভের প্রলোভন দেখিয়ে নতুন সদস্য সংগ্রহ করতেন বলে অভিযোগ রয়েছে।
জব্দ করা মোবাইল ফোন পরীক্ষা করে অনলাইন জুয়ার বিভিন্ন তথ্য-উপাত্ত ও আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ,২০২৫-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে গ্রেপ্তার দুইজন এবং জব্দকৃত আলামত গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানিয়েছে,আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা নজরদারি ও অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
শনিবার (২০ জুন) র্যাব-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

