বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার নতুন সিনেমা ‘ককটেল ২’ মুক্তির আগেই বেশ চর্চায় ছিল। বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি গত শুক্রবার (১৯ জুন ২০২৬) প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে নেটিজেনদের আলোচনার ঝড়। হোমি আদাজানিয়ার পরিচালনায় এই রোমান্টিক ড্রামা ঘরানার সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে দেখা গেছে ‘নানা মুনির নানা মত’।

সিনেমাটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন শহীদ কাপুর, কৃতি শ্যানন ও রাশমিকা মান্দানা। পর্দায় এই ত্রয়ীর নতুন জুটিকে একদিকে যেমন দর্শকরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন, ঠিক তেমনই আবার অন্য অংশ থেকে উঠেছে সমালোচনার ঝড়ও। সব মিলিয়ে নেটদুনিয়ায় সিনেমাটি নিয়ে বেশ মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
তিন প্রধান চরিত্রের অভিনয়ের মধ্যে সবচেয়ে বেশি লাইমলাইট কেড়ে নিয়েছেন কৃতি শ্যানন। দর্শকদের একাংশ এই সিনেমাটিকে কৃতির ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ বলেও অভিহিত করেছেন। সামাজিক মাধ্যমে প্রশংসার পাশাপাশি অনেকেই তাকে এই সিনেমার মূল প্রাণশক্তি হিসেবে দেখছেন।
এক নেটিজেন লিখেছেন, “পর্দায় কৃতি শ্যাননের অনবদ্য উপস্থিতি রাশমিকা মান্দানাকে পুরোপুরি ছাপিয়ে গেছে।”
আরেক সিনেমাপ্রেমী মন্তব্য করেছেন, “কৃতি শ্যাননই আক্ষরিক অর্থে ‘ককটেল ২’ সিনেমার মূল স্তম্ভ, যিনি পুরো গল্পে প্রাণ সঞ্চার করেছেন।”
অন্যদিকে, রাশমিকা মান্দানার অভিনয় নিয়ে খুব একটা সন্তুষ্ট হতে পারেননি দর্শকরা। কিছু দর্শকের মতে, কৃতি ও শহীদের শক্তিশালী অভিনয়ের তুলনায় রাশমিকার পারফরম্যান্স অনেকটাই ম্লান লেগেছে। এমনকি গল্পে তার চরিত্রটির প্রয়োজনীয়তা নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলেছেন।

প্রধান নায়ক হিসেবে শহীদ কাপুরের অভিনয় বহু দর্শকের পছন্দ হয়েছে। দুই নায়িকার সঙ্গেই তাঁর অন-স্ক্রিন রসায়নের প্রশংসা করেছেন অনেকে। তবে সমালোচকদের কেউ কেউ মনে করছেন, কিছু কিছু দৃশ্যে শহীদের অভিনয় কিছুটা ‘অতিরঞ্জিত’ বা লাউড মনে হয়েছে।
সাধারণ দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বিখ্যাত সিনেমা বিজনেস অ্যানালিস্ট (বাণিজ্য বিশ্লেষক) তরণ আদর্শ অবশ্য সিনেমাটিকে ‘ভিন্ন স্বাদের ও উপভোগ্য’ বলে ইতিবাচক রিভিউ দিয়েছেন। তাঁর মতে, ‘ককটেল ২’ দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে এবং দুর্দান্ত সব গান ও গোছানো চিত্রনাট্যের পাশাপাশি অভিনেতাদের পারফরম্যান্স সিনেমাটিকে সমৃদ্ধ করেছে।
উল্লেখ্য, এর আগে ২০১২ সালে সাইফ আলি খান, দীপিকা পাড়ুকোন ও ডায়ানা পেন্টি অভিনীত সুপারহিট সিনেমা ‘ককটেল’ মুক্তি পেয়েছিল। দীর্ঘ ১৪ বছর পর সিক্যুয়েল হিসেবে পর্দায় এলো ‘ককটেল ২’। শেষ পর্যন্ত বক্স অফিসে এই সিনেমাটি কতটা সফল হতে পারে, সেটাই এখন দেখার বিষয়।

