এমএ আউয়াল আশিক:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের বাসাইল গ্রামে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। শনিবার (২০ জুন) এ ক্যাম্পের আয়োজন করে রোটারি ক্লাব অব আনন্দধারা ঢাকা। সহযোগিতায় ছিল দি পপুলার জেনারেল এন্ড আই হসপিটাল এবং শেখ আইয়ুব আলী ফাউন্ডেশন।
ক্যাম্পে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মোহাম্মদ শামীম আল মামুন (এন্ডোক্রাইনোলজি ও মেডিসিন বিশেষজ্ঞ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল), ডা. মো. নাজমুল হকাদধ (শিশু বিশেষজ্ঞ), ডা. সঞ্চারী কুন্ডু (চক্ষু বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল) এবং ডা. তাসনিম রুবাইয়াত নীহা (গাইনি ও আল্ট্রাসনোগ্রাফি বিশেষজ্ঞ)।
অনুষ্ঠানে ইভেন্ট চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন আরটিএন. মো. কামরুল ইসলাম টিটু এবং ইভেন্ট কো-চেয়ারম্যান ছিলেন আরটিএন. মো. কুতুবুজ্জামান।
দিনব্যাপী আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা নিজ এলাকায় বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। স্থানীয়রাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

