মঞ্চ, টিভি নাটক ও চলচ্চিত্রে সমানভাবে উজ্জ্বল অভিনেতা তারিক আনাম খান। প্রায় চার যুগের অভিনয় জীবনে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দেশের অন্যতম কিংবদন্তি শিল্পী হিসেবে। পর্দায় তার উপস্থিতি এখনও দর্শকদের জন্য এক বড় অনুপ্রেরণা ও আগ্রহের বিষয়।
এই গুণী অভিনেতার কাছ থেকেই এবার সরাসরি অভিনয় শেখার এক অনন্য সুযোগ মিলবে। আর এই সুযোগটি করে দিচ্ছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’। আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদের বিশেষ আয়োজন ‘চরকি কার্নিভাল’। আর এই কার্নিভালের অন্যতম আকর্ষণ হিসেবে থাকবে তারিক আনাম খানের একটি বিশেষ ‘মাস্টার ক্লাস’।
বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বার্তায় চরকি জানিয়েছে, এই এক্সক্লুসিভ মাস্টারক্লাসে অংশ নিতে হলে আগ্রহীদের অবশ্যই আগে থেকে রেজিস্ট্রেশন বা নিবন্ধন করতে হবে। নিবন্ধনের শেষ সময় আগামী ২২ জুন পর্যন্ত।
তবে ক্লাসে অংশ নেওয়ার সুযোগ সবার মিলবে না। কারণ এতে আসন সংখ্যা অত্যন্ত সীমিত, মাত্র ২৫ থেকে ৩০ জন। ফলে ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে দ্রুত নিবন্ধনকারীদেরই এই সুযোগ দেওয়া হবে। আগামী ৩ জুলাই সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হয়ে এই বিশেষ ক্লাসটি চলবে দুপুর ১টা পর্যন্ত। ক্লাসে ক্যামেরা পারফর্মেন্স, চরিত্রের নিখুঁত রূপায়নসহ অভিনয়ের নানা সূক্ষ্ম কৌশল ও থিওরি হাতে-কলমে শেখাবেন তারিক আনাম খান।
প্রসঙ্গত, জমকালো এই ‘চরকি কার্নিভাল’ আয়োজনে ২০২৩ ও ২০২৪ সালে চরকিতে মুক্তি পাওয়া বিভিন্ন জনপ্রিয় কনটেন্ট ও অভিনয়শিল্পীদের পুরস্কৃত করা হবে। পাশাপাশি এই আসরে বিশেষ মরণোত্তর সম্মাননা জানানো হবে প্রয়াত প্রতিভাবান কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে।

