সংযুক্ত আরব আমিরাত ১৫ বছরের নিচে শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। শিশুদের অনলাইন নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।
সরকারি তথ্য দপ্তরের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ জুন) অনুমোদিত নতুন অধ্যাদেশ অনুযায়ী ১৫ বছরের কম বয়সীরা কোনোভাবেই সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলতে বা ব্যবহার করতে পারবে না। এই সিদ্ধান্ত আরব বিশ্বের মধ্যে প্রথম কঠোর পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
নতুন নিয়মে ১৫ ও ১৬ বছর বয়সীদের ক্ষেত্রে সীমিত ব্যবহার অনুমোদন থাকলেও তা থাকবে কঠোর নজরদারির মধ্যে। তাদের অ্যাকাউন্টে ক্ষতিকর কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে ব্লক, অচেনা ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগ সীমিতকরণ, স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ এবং অভিভাবকদের পূর্ণ তদারকির ব্যবস্থা রাখা হবে।
এছাড়া ফেসবুক, টিকটক, এক্সসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মকে ব্যবহারকারীদের বয়স যাচাইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল আইডি প্রযুক্তি ব্যবহার করতে হবে। শুধু স্বঘোষিত বয়সের তথ্য আর গ্রহণযোগ্য হবে না।
নতুন বিধিমালা অনুযায়ী ১৫ বছরের নিচে থাকা সব অ্যাকাউন্ট বন্ধ করতে হবে এবং বয়স গোপন করে অ্যাকাউন্ট ব্যবহারের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি শিশুদের তথ্য ব্যবহার করে বিজ্ঞাপন বা আচরণভিত্তিক প্রোফাইল তৈরিও নিষিদ্ধ করা হয়েছে।
সরকার জানিয়েছে, অনলাইন আসক্তি, অনুপযুক্ত কনটেন্ট এবং তথ্য নিরাপত্তা ঝুঁকি কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন নিয়ম কার্যকর করতে প্ল্যাটফর্মগুলোকে ১২ মাস সময় দেওয়া হয়েছে।
সূত্র: রয়টার্স

