প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট ফি কমানোর একটি প্রস্তাব সরকার বর্তমানে পর্যালোচনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে বিদেশে বসবাসরত বাংলাদেশিদের পাসপোর্টসেবা আরও সহজ ও দ্রুত করার জন্য বিভিন্ন উদ্যোগ চলমান রয়েছে বলেও তিনি জানান।
বুধবার (১৭ জুন) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের নবম দিনে সরকারদলীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকনের (নরসিংদী-১) এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য দেন।
মন্ত্রী বলেন, প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর বিষয়ে পাসপোর্ট অধিদপ্তরের একটি প্রস্তাব বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচাই-বাছাই পর্যায়ে রয়েছে।
তিনি আরও জানান, দেশে বর্তমানে সক্রিয় পাসপোর্টধারীর সংখ্যা ২ কোটি ৫৪ লাখ ৩৩ হাজার ৬৩ জন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিদেশে বসবাসরত বাংলাদেশিদের সেবা সহজ করতে বিভিন্ন দূতাবাস ও মিশনে মোবাইল এনরোলমেন্ট কিটের মাধ্যমে পাসপোর্ট আবেদন গ্রহণের ব্যবস্থা চালু রয়েছে। পাশাপাশি আউটসোর্সিং প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সেবা সম্প্রসারণের উদ্যোগও নেওয়া হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, প্রবাসীদের দ্রুত পাসপোর্ট পৌঁছে দিতে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ফেডএক্সের মাধ্যমে বাংলাদেশ মিশনগুলোতে পাসপোর্ট পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে, যাতে সেবা আরও গতিশীল হয়।

