ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। একই ঘটনায় তার স্বামীকে বেঁধে মারধর করার অভিযোগও পাওয়া গেছে।
মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাতে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের কুরচাই গ্রামে এ ঘটনা ঘটে বলে স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়।
পরিবারের দাবি, ওই গৃহবধূ তার মায়ের বাড়িতে অবস্থান করছিলেন। একই বাড়ির ভেতরের অংশে স্বামী ও তিন বছর বয়সী সন্তানসহ তিনি বসবাস করছিলেন। রাত আনুমানিক ১টার দিকে মুখোশধারী ৭–৮ জন ব্যক্তি ঘরে ঢুকে স্বামীকে বেঁধে মারধর করে।
এরপর ওই গৃহবধূকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন স্বজনরা। পরে বাড়ি থেকে প্রায় দেড়শ মিটার দূরের একটি স্থানে তাকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার করা হয় বলে পরিবার দাবি করেছে।
ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
বুধবার (১৭ জুন) ভুক্তভোগীর মা পাগলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ভুক্তভোগীকে চিকিৎসা ও পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

