আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়েই ইতিহাস গড়লেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেওয়ার রেকর্ড গড়ে নতুন মাইলফলকে পৌঁছান তিনি।
ম্যাচের শুরুতেই গোলের সুযোগ পেয়েছিলেন মেসি। মাত্র ৫ মিনিটে জালে বল পাঠালেও সহকারী রেফারির অফসাইড সংকেতে উদযাপন দীর্ঘস্থায়ী হয়নি। তবে বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাকে—গোল বাতিলের ১২ মিনিট পরই আবার জ্বলে ওঠেন এই আর্জেন্টাইন তারকা।
১৭ মিনিটে রদ্রিগো দি পলের কাছ থেকে বল পেয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে দারুণ এক গোল করেন মেসি। এই গোলেই তিনি ছুঁয়ে ফেলেন দীর্ঘ ৬০ বছরের পুরোনো এক রেকর্ড।
পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টার তথ্য অনুযায়ী, ১৯৬৬ সাল থেকে বিশ্বকাপে বক্সের বাইরে থেকে পাঁচটি গোল করার কীর্তি ছিল ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো রিভেলিনোর। এবার সেই রেকর্ডে ভাগ বসালেন মেসিও।
বিশ্বকাপে এটি মেসির ১৪তম গোল, যার মধ্যে পাঁচটি এসেছে পেনাল্টি বক্সের বাইরে থেকে।
এছাড়া এই দিনটি মেসির ক্যারিয়ারে আরও এক ঐতিহাসিক অধ্যায় যোগ করেছে। ১৬ জুনের স্মৃতি আবারও ফিরে আসে—২০০৬ সালের এই দিনেই বিশ্বকাপে অভিষেকে গোল করে আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ গোলদাতা হয়েছিলেন তিনি। তখন তার বয়স ছিল ১৮ বছর ৩৫৭ দিন।
ঠিক দুই দশক পর একই তারিখে আবারও আলো ছড়ালেন মেসি। এবার তিনি আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি বয়সে গোল করা খেলোয়াড় হিসেবেও নাম লেখান।
ম্যাচটি যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়, যেখানে আলজেরিয়ার বিপক্ষে গোলের সময় মেসির বয়স ছিল ৩৮ বছর ৩৫৭ দিন।
এ ম্যাচ দিয়েই ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেওয়ার বিরল কীর্তি গড়লেন তিনি। একই সঙ্গে আর্জেন্টিনার জার্সিতে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলেও গোল করেন এই তারকা ফরোয়ার্ড।
প্রথমার্ধ শেষে আর্জেন্টিনা ১-০ গোলে এগিয়ে ছিল। এই পারফরম্যান্সের মাধ্যমে বিশ্ব ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনালদোর পাশে আরেকটি অনন্য রেকর্ডে জায়গা করে নেন মেসি—দুই তারকাই পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েছেন।

