দেশের বিভিন্ন এলাকায় বুধবার দুপুরের আগেই ঝড়ো আবহাওয়ার সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, ১০টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত বিশেষ আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে সাময়িকভাবে আবহাওয়ার অবনতি ঘটতে পারে। এসব এলাকায় পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঝোড়ো বাতাস প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের মতে, ঝড়ো হাওয়ার পাশাপাশি বজ্রপাতসহ বৃষ্টিও হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
বৈরী আবহাওয়ার সম্ভাবনার কথা বিবেচনায় নিয়ে স্থানীয় বাসিন্দা, নৌযান চালক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ।

