জাল শেনজেন ভিসা ব্যবহার করে ইতালিতে মানবপাচার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের এক কর্মচারীকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (১৬ জুন) ভোরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষীয়া বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তির নাম মো. আখলাছুর রহমান (৪০)। তিনি বাংলাদেশ বিমানের গ্রাউন্ড সার্ভিস (আইএনএস গেইট) বিভাগের জুনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে সিআইডি’র মানবপাচার প্রতিরোধ ইউনিট (টিএইচবি)।
মামলার নথি অনুযায়ী, একটি সংঘবদ্ধ চক্র ইতালিতে চাকরি ও উন্নত জীবনের আশ্বাস দিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে জনপ্রতি ২০ থেকে ৩০ লাখ টাকা আদায় করে। পরে নেপাল ও ইতালি রুট ব্যবহার করে জাল শেনজেন ভিসা, বিমান টিকিট ও বোর্ডিং পাস সরবরাহ করা হতো।
গত ২৬ মে ভুক্তভোগীরা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ইতালির উদ্দেশে যাত্রা করেন। তবে রোমের ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের পাসপোর্টে থাকা ভিসা জাল হিসেবে শনাক্ত করে। পরে তাদের দুই দিন আটকে রেখে ২৮ মে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
দেশে ফিরে ভুক্তভোগীরা ইমিগ্রেশন পুলিশ ও সিআইডির কাছে অভিযোগ দাখিল করেন। পরবর্তী তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা বিশ্লেষণের মাধ্যমে আখলাছুর রহমানের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায় বলে দাবি করেছে সিআইডি।
এ ঘটনায় বিমানবন্দর থানায় মানবপাচার ও অভিবাসী চোরাচালান দমন আইনে মামলা হয়েছে। পাশাপাশি দণ্ডবিধির একাধিক ধারায়ও পৃথক অভিযোগ নেওয়া হয়েছে।
সিআইডি জানিয়েছে, মানবপাচার চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। একইসঙ্গে বিদেশগামীদের বৈধ প্রক্রিয়ায় যাত্রা করার আহ্বান জানানো হয়েছে এবং সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে।

