বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বে ব্রাজিল ও মরক্কোর মধ্যকার সম্ভাব্য হাই-ভোল্টেজ ম্যাচ ঘিরে ফুটবল মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। শক্তিশালী দুই দলের এই মুখোমুখি লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।
পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাসে কিছুটা এগিয়ে রাখা হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। অপ্টা অ্যানালিস্টের তথ্য অনুযায়ী, এই ম্যাচে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৫৭.৭ শতাংশ। অন্যদিকে মরক্কোর জয় সম্ভাবনা ১৮.৮ শতাংশ এবং ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা ২৩.৫ শতাংশ।
শুধু এই ম্যাচ নয়, ‘গ্রুপ সি’-তে শীর্ষে ওঠার দৌড়েও এগিয়ে রয়েছে ব্রাজিল। পরিসংখ্যান বলছে, গ্রুপ টপার হওয়ার ক্ষেত্রে তাদের সম্ভাবনা ৬৫.৮৫ শতাংশ, যেখানে মরক্কোর সম্ভাবনা ২৩.১৪ শতাংশ।
বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিল সবচেয়ে সফল দলগুলোর একটি। টুর্নামেন্টের শুরু থেকে প্রতিটি আসরেই অংশ নেওয়া সেলেসাওরা ২০০২ সালের পর আর শিরোপা জিততে পারেনি। এবার তাদের লক্ষ্য ষষ্ঠ শিরোপা—‘হেক্সা’ জয়।
অন্যদিকে মরক্কো এখন আর শুধু আন্ডারডগ হিসেবে বিবেচিত নয়। সাম্প্রতিক বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত উঠে তারা নিজেদের শক্ত অবস্থান জানান দিয়েছে। সংগঠিত রক্ষণভাগ, দ্রুত পাল্টা আক্রমণ এবং দলীয় শৃঙ্খলা তাদের বড় শক্তি হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, কাগজে-কলমে ব্রাজিল এগিয়ে থাকলেও মাঠের বাস্তবতায় মরক্কো সহজ প্রতিপক্ষ নয়। বিশেষ করে তাদের রক্ষণভাগ ভাঙা ব্রাজিলের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।
সব মিলিয়ে এই ম্যাচকে শুধু গ্রুপ পর্বের খেলা হিসেবে দেখছেন না ফুটবল বিশ্লেষকরা; বরং এটি হতে পারে দুই ভিন্ন ফুটবল কৌশলের এক তীব্র ও রোমাঞ্চকর লড়াই।
সম্ভাব্য ব্রাজিল একাদশে থাকতে পারেন— অ্যালিসন বেকার, গ্যাব্রিয়েল মাগালাইস, মার্কিনিয়োস, অ্যালেক্স স্যান্ড্রো, ড্যানিলো, ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকেতা, রাফিনিয়া, ইগর থিয়াগো ও ভিনিসিয়ুস জুনিয়র।
মরক্কোর সম্ভাব্য একাদশে আছেন— ইয়াসিন বাউনাউ, ইসা দিওপ, আশরাফ হাকিমি, চাদি রিয়াদ, ইউসেফ বেলাম্মারি, নাবিল এল আয়নাউই, সোফিয়ান আমরাবাত, ব্রাহিম দিয়াজ, আজেদিন ওনাহি, বিলাল এল খান্নুস এবং ইসমাইল সাইবারী।

