উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চুরি মামলায় ১৮ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জামাল মোল্যাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া জামাল মোল্যা উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের মৃত মোহাম্মদ হোসেন মোল্যার ছেলে।
বৃহস্পতিবার (১১ জুন) রাত ১০টার দিকে লোহাগড়া থানার এসআই তারোক বিশ্বাসের নেতৃত্বে এএসআই কবীর, এএসআই হযরত আলী এবং সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর মাগুরা সদর থানায় একটি ইজিবাইক চুরির ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার নম্বর- ৩৬/৩৭৫, জিআর নং- ৩৭৫/১৯।
মামলাটি তদন্ত করে মাগুরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা ও লোহাগড়া থানা পুলিশের সহযোগিতায় জামাল মোল্যাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি ও দেখানো মতে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ইছাখালী গ্রাম থেকে চুরি হওয়া ইজিবাইকটি উদ্ধার করা হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত ৭ এপ্রিল ২০২৬ মাগুরার একটি আদালত জামাল মোল্যাকে দোষী সাব্যস্ত করে ১ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

