কুষ্টিয়া প্রতিনিধি:
জামালপুর সীমান্তের উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সীমান্তবাসী।
শুক্রবার (১২ জুন) ভোরে প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস সীমান্ত পিলার এলাকায় এই ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এই ব্যক্তিদের জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের আলো ফোটার আগে প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জন ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে টহলরত বিজিবি সদস্য ও স্থানীয় বাসিন্দারা তীব্র প্রতিরোধ গড়ে তোলেন। পুশইনের শিকার হওয়া এই ব্যক্তিদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে। বিজিবি ও জনতার অনড় অবস্থানের কারণে বাংলাদেশে ঢুকতে না পেরে বর্তমানে তারা ভারতীয় সীমান্তের কাঁটাতারের বাইরের অংশে (নো ম্যান্স ল্যান্ড) অবস্থান করছেন।
ঘটনার বিবরণ দিয়ে প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, “ভোরের দিকে ভারত থেকে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনগণ ও বিজিবি যৌথভাবে তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা প্রতিহত করেছে।”
প্রাগপুর বিজিবি ক্যাম্পের (বিওপি) দায়িত্বপ্রাপ্ত সুবেদার আসাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, “১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়েছিল, তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি। তারা যাতে কোনোভাবেই বাংলাদেশের অভ্যন্তরে ঢুকতে না পারে, সেজন্য সীমান্ত এলাকায় টহল ও কঠোর নজরদারি জোরদার করা হয়েছে। এই কাজে স্থানীয় সীমান্তবাসীও বিজিবিকে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করছে।”

