যশোরের বেনাপোলে বাংলা টিভির সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টুর ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টার দিকে উপজেলার কাগজপুকুর বাজার মোড়ে এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টু বেনাপোল প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তিনি সেখানে চিকিৎসা নেন।
প্রত্যক্ষদর্শী ও সাংবাদিক সূত্রে জানা যায়, সেন্টু সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে বাড়ি থেকে শার্শার দিকে যাচ্ছিলেন। কাগজপুকুর বাজার মোড়ে পৌঁছালে ঝন্টুর নেতৃত্বে কয়েকজন তার মোটরসাইকেলের গতিরোধ করে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা রড দিয়ে তাকে মারধর করে বলে জানা গেছে।
সেন্টু দাবি করেন, ওই দিন সকালে তার এক ভাইকে ঘিরে একটি সালিসের আয়োজন ছিল এবং সেখানে তার যাওয়ার কথা ছিল।
ঘটনার পর শার্শা ও বেনাপোলের সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। স্থানীয় সাংবাদিক নেতারা বলেন, দায়িত্ব পালনকারী সাংবাদিকের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগজনক এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা উচিত।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ আলী জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

