বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নতুন প্রণোদনা ঘোষণা করা হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১০ জুন) সংসদের প্রশ্নোত্তর পর্বে এক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। তিনি বলেন, দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে একটি নতুন উদ্যোগের অংশ হিসেবে বিনিয়োগ আনতে সহায়তাকারীদের জন্য আর্থিক সুবিধা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘোষণা অনুযায়ী, কোনো ব্যক্তি—দেশি বা বিদেশি—যদি বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আনতে সক্ষম হন, তাহলে সংশ্লিষ্ট বিনিয়োগের মোট পরিমাণের ১.৫ শতাংশ পর্যন্ত কমিশন বা পরামর্শক ফি দেওয়ার সুযোগ থাকবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য অন্যতম বড় বাধা ছিল মুনাফা নিজ দেশে সহজে স্থানান্তরের জটিলতা। এ সমস্যা সমাধানে আইনগত ও নীতিগত সংস্কার নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এছাড়া তিনি জানান, বিনিয়োগ পরিবেশ সহজ করতে অনলাইনে আমদানি-রপ্তানি নিবন্ধন, নীতিমালা হালনাগাদ এবং এলসি ছাড়াই চুক্তিভিত্তিক আমদানির সুযোগ বাড়ানোর উদ্যোগ চলছে।
তিনি আরও বলেন, উন্নয়ন কর্মকাণ্ডে কোনো বৈষম্য থাকবে না এবং দেশের সকল নির্বাচনী এলাকায় সমানভাবে উন্নয়ন সহায়তা দেওয়া হবে।

