আবুল হাসনাত শামীম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের দুর্লভপুর গ্রামে সালিশ বৈঠককে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চরাঞ্চলের দুর্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম আলী (৪৫) দুর্লভপুর গ্রামের শওকত আলীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, একটি মামলাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বিষয়টি মীমাংসার জন্য বুধবার সকালে স্থানীয়ভাবে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশ চলাকালে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে ইব্রাহিম আলী গুরুতর আহত হন। পরে তাকে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া আহতদের মধ্যে কয়েকজনকে জেলা হাসপাতালে এবং গুরুতর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি একরামুল হোসাইন আরও জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। তবে দুপুর পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

