মানহানির মামলায় জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসাইন এবং তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে খালাস দিয়েছেন আদালত।
বুধবার (১০ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
রায়ে বলা হয়, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দেন।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে নাসির ও তামিমার বিয়ের ছবি প্রকাশের পর বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়। এরপর তামিমার সাবেক স্বামী রাকিব তাদের বিরুদ্ধে মানহানি, প্রলুব্ধ করে বিয়ে এবং ব্যভিচারের অভিযোগ এনে মামলা করেন।
পরবর্তীতে তদন্ত শেষে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে প্রতিবেদন দাখিল করা হয় এবং ২০২২ সালে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।
দীর্ঘ শুনানি শেষে গত ৬ মে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে রায়ের জন্য দিন ধার্য করা হয়। শেষে আদালত তাদের খালাস দেন।

