চলতি অর্থবছরের ১২তম এবং বিএনপি সরকারের চতুর্থ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টা থেকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে শুরু হওয়া এ সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে নতুন ও সংশোধিত মিলিয়ে মোট ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। এসব প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৮ হাজার ১০৬ কোটি টাকা। অবকাঠামো, পানি সম্পদ, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, স্থানীয় সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সামাজিক নিরাপত্তা খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
সূত্র আরও জানায়, প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের আনোয়ারায় ৮০০ একর জমিতে চীনা অর্থনৈতিক অঞ্চল স্থাপনের একটি বড় প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরের আগে এ প্রকল্পটি অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া শিশু স্বাস্থ্যসেবা জোরদারে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প–২ এর প্রস্তাবও একনেকে উঠছে। ৩৪৪ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি জুলাই ২০২৬ থেকে জুন ২০২৮ মেয়াদে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
আনোয়ারা–বাঁশখালী–চকরিয়া আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন, সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পও বৈঠকে আলোচনার তালিকায় রয়েছে বলে জানা গেছে।

