জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিপু মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৮ জুন) ভোরে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বড়বাড়ীয়া এলাকার গামার বিলের একটি সেচ পাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নিপু মিয়া ওই এলাকার উসমান আলীর ছেলে। কয়েক বছর বিদেশে থাকার পর দেশে ফিরে তিনি বিভিন্ন নেশায় জড়িয়ে পড়েন বলে স্থানীয়রা জানান।
স্থানীয়দের অভিযোগ, নেশার অর্থ জোগাড়ের উদ্দেশ্যে রোববার গভীর রাতে গামার বিল এলাকায় সেচ পাম্পের বিদ্যুতের সংযোগ লাইন থেকে তার কাটতে যান নিপু মিয়া। এ সময় বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি ঘটনাস্থলেই মারা যান।
সোমবার সকালে স্থানীয়রা মাঠে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

