নিয়মবহির্ভূতভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানান, এ ধরনের ঘটনা বন্ধে ভারতকে ইতোমধ্যে ১২ থেকে ১৩টি চিঠি পাঠানো হয়েছে।
সোমবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অবৈধভাবে ভারতে অবস্থানরত ব্যক্তিদের ফেরত পাঠানোর একটি নির্ধারিত কূটনৈতিক প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়া অনুসরণ করেই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ ধরনের ঘটনার প্রভাব দ্বিপাক্ষিক সম্পর্কেও পড়তে পারে বলে তিনি সতর্ক করেন।
তিনি আরও বলেন, সীমান্তে ভারতীয় পুশইন ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কঠোর অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে, সাম্প্রতিক দিনগুলোতে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর পুশইন চেষ্টা প্রতিহত করতে সক্রিয় রয়েছে বিজিবি। শক্ত প্রতিরোধের মুখে অনেক ক্ষেত্রে আটকেপড়া মানুষদের সরিয়ে নিতে বাধ্য হচ্ছে বিএসএফ।

