২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ইরান জাতীয় ফুটবল দলের যুক্তরাষ্ট্র সফরে কঠোর ভিসা ও ভ্রমণ বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে ইরান দলকে একদিনের মধ্যেই দেশটিতে প্রবেশ করে একই সময়ের মধ্যে দেশ ত্যাগ করতে হতে পারে।
ইরানের মেক্সিকোতে নিযুক্ত রাষ্ট্রদূত আবুল ফজল পাসানদিদেহ জানান, আগে ভিসা নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের একাধিক দিন যুক্তরাষ্ট্রে অবস্থানের সুযোগ থাকলেও পরবর্তীতে তা সীমিত করা হয়েছে।
বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরান তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে খেলবে—লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া ও সিয়াটলে। তবে নিরাপত্তা ও রাজনৈতিক উত্তেজনার কারণে দলটি তাদের মূল ক্যাম্প মেক্সিকোতে রাখার সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে ইরান দলকে মেক্সিকোতে ক্যাম্প করার অনুমতি না দেওয়া হলেও, পরে মেক্সিকো সরকার তাদের অবস্থানের অনুমতি দেয়।
এদিকে, যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ জানিয়েছে, খেলোয়াড় ও প্রয়োজনীয় স্টাফদের জন্য ভিসা অনুমোদন দেওয়া হয়েছে এবং নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
বিশ্বকাপ ঘিরে ইরান দলের এই ভিসা জটিলতা নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে।

