চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে ২০২৭ সালের হজের জন্য নিবন্ধন সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রোববার (৭ জুন) মন্ত্রণালয়ের হজ-১ শাখা হিজরি ১৪৪৮ সনের হজ কার্যক্রমের পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করে।
এর আগে গত ২৯ মে সৌদি আরবে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৭ সালের হজ কার্যক্রমের সময়সূচি ঘোষণা করে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়। জেদ্দায় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বিভিন্ন দেশের ধর্ম বিষয়ক মন্ত্রীদের কাছে আনুষ্ঠানিকভাবে রোডম্যাপ হস্তান্তর করা হয়।
বাংলাদেশের পক্ষে অনুষ্ঠানে অংশ নেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। এ সময় সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ তার হাতে হজের রোডম্যাপ তুলে দেন।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রী নিবন্ধন শেষ করতে হবে। আগামী ৮ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা প্রদান শুরু হবে এবং ৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট পরিচালনা শুরু হবে। চাঁদ দেখা সাপেক্ষে ১৫ মে (৯ জিলহজ) ২০২৭ সালের হজ অনুষ্ঠিত হবে।
রোডম্যাপে আরও বলা হয়েছে, সৌদি আরবের বিভিন্ন সেবার অর্থ নুসুক মাসার প্ল্যাটফর্মের ই-ওয়ালেটে জমা দেওয়ার কার্যক্রম চলবে এ বছরের ১৫ জুলাই থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত। এছাড়া তাঁবু, আবাসন, পরিবহন, ক্যাটারিংসহ বিভিন্ন সেবা প্যাকেজের চুক্তি স্বাক্ষর শুরু হবে ২৯ জুলাই ২০২৬ থেকে এবং শেষ হবে ২৩ জানুয়ারি ২০২৭।
হজযাত্রীদের তথ্য নুসুক মাসার সিস্টেমে আপলোডের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৪ আগস্ট ২০২৬ থেকে ২৮ জানুয়ারি ২০২৭ পর্যন্ত। একই সঙ্গে হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সের সঙ্গে চুক্তি এবং প্রয়োজনীয় ডকুমেন্টেশন সম্পন্ন করতে হবে চলতি বছরের ২৯ জুলাই থেকে ৮ নভেম্বরের মধ্যে।

