ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিসহ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে দেশটির প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
শুক্রবার (৫ জুন) সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশ–সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি জানান, অবৈধভাবে অবস্থানকারীদের নিজ দেশে ফেরত পাঠাতে ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। এ প্রক্রিয়ায় প্রথমে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ও নাগরিকত্ব যাচাইয়ের জন্য তথ্য বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।
জয়সোয়াল আরও বলেন, যাচাই সম্পন্ন হওয়ার পরই প্রত্যাবাসন বা বিতাড়ন কার্যক্রম শুরু করা হয়। তার ভাষ্য অনুযায়ী, এ ধরনের বেশ কিছু অনুরোধ এখনও বাংলাদেশি পক্ষের কাছে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে সমন্বয় বাড়লে অবৈধ অবস্থানকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর হবে।

