বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এমন একটি শক্তির উত্থান ঘটেছে যারা গণতন্ত্রে বিশ্বাস করে না। এই শক্তিকে প্রতিহত করতে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
শুক্রবার (৫ জুন) রাজধানীতে সাবেক সংসদ সদস্য ও চিফ হুইপ মাহবুবুল আলম তারা এবং সাংবাদিক ও ক্রীড়াবিদ মাহবুবুল হক পেয়ারার স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বর্তমান রাজনীতিতে মূল্যবোধের সংকট দেখা দিয়েছে এবং রাজনৈতিক পরিবেশকে ধ্বংস করার চেষ্টা চলছে। একটি চক্র পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক নেতার চরিত্রহনন করছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের পর দেশে গণতান্ত্রিক উত্তরণের একটি সুযোগ তৈরি হয়েছে। তবে কিছু মহল নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র করছে, যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব রয়েছে এই ধরনের চক্রান্ত প্রতিহত করা।

