মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর ইউনিয়নের মা ও শিশু স্বাস্থ্যকল্যাণ কেন্দ্রে সংঘটিত চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া মালামালও উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) সকাল ৭টার দিকে উপজেলার বরাতিপুর এলাকায় অভিযান চালিয়ে নূর আলম (৩৪) ও শাকিরুল ইসলাম (২৬) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তারা দুজনই ওই গ্রামের বাসিন্দা।
এজাহার সূত্রে জানা যায়, বুলাকীপুর কমিউনিটি উপ-সহকারী মেডিকেল অফিসার আফজাল হোসেন স্বাস্থ্যকেন্দ্রে সংঘটিত চুরির ঘটনায় থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারে বলা হয়, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা স্বাস্থ্যকেন্দ্রের দরজা-জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে চিকিৎসাসামগ্রী ও বিভিন্ন ব্যবহারিক সরঞ্জাম চুরি করে নিয়ে যায়।
চুরি হওয়া মালামালের মধ্যে ছিল দুটি সিলিং ফ্যান, তিনটি স্টেরিলাইজার ড্রাম, একটি চার বার্নারের চুলা, চারটি শিশু ওজন মাপার যন্ত্র, একটি প্রাপ্তবয়স্কদের ওজন মাপার যন্ত্র, একটি সাকার মেশিন, একটি অটোক্লেভ মেশিন, একটি টিউবওয়েলের হেড, একটি এক বার্নারের চুলা ছাড়াও বিভিন্ন বৈদ্যুতিক ও স্যানিটারি সামগ্রী। এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৪৪ হাজার টাকা।
পুলিশ জানায়, এজাহার পাওয়ার পর এসআই ওয়াজিদ উল্লাহ এর নেতৃত্বে পুলিশ তদন্ত ও অভিযান শুরু করে। রাতভর অভিযানে প্রথমে নূর আলমকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শাকিরুল ইসলামকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেখানো বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি হওয়া প্রায় পৌনে ৩ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার দুজনকে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। চুরির ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

