পাইকগাছায় সাহিত্য, সংস্কৃতি ও বাংলার ঐতিহ্যকে ঘিরে অনুষ্ঠিত হয়েছে মৌচাক সাহিত্য-সাংস্কৃতি সংসদের জ্যৈষ্ঠের ফলাহার ও সাহিত্য সম্মেলন। শুক্রবার সকালে উপজেলা টাউন মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও সাহিত্যপ্রেমীদের মিলনমেলা বসে।
মৌচাক সাহিত্য-সাংস্কৃতি সংসদের প্রতিষ্ঠাতা কবি ও সাহিত্যিক পঞ্চানন মল্লিকের তত্ত্বাবধানে এবং সংগঠনের সভাপতি কবি-শিক্ষক অসীম রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি-শিক্ষক খলিলুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুনতারার প্রতিষ্ঠাতা মহাপরিচালক কবি ও সাংবাদিক সাইফুর মিনা। প্রধান আলোচক ছিলেন নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থার কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা শেখ আবু আসলাম বাবু।
এ ছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য দেন। শুরুতেই শিশু-কিশোররা ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেয়।
সাহিত্য আলোচনা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠান। বক্তারা সাহিত্যচর্চার মাধ্যমে মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন এবং নতুন প্রজন্মকে সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আঞ্চলিক গান পরিবেশন করেন শিল্পী জি. এম. এমদাদ। এছাড়া বিভিন্ন কবি ও সাহিত্যপ্রেমী নিজেদের কবিতা আবৃত্তি করেন।
শেষ পর্বে জ্যৈষ্ঠ মাস উপলক্ষে আয়োজিত ফলাহারে আম, কাঁঠাল, লিচু, জাম, তাল ও সবেদাসহ নানা মৌসুমি ফল পরিবেশন করা হয়। দিনব্যাপী এ আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

