আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরো:
পটুয়াখালীর বাউফল উপজেলার চাদকাঠি গ্রামের সনাতন ধর্মাবলম্বী তিন প্রতিবন্ধী ভাইয়ের মানবেতর জীবনযাপনের খবর গণমাধ্যমে প্রকাশের পর তাদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি নিজের এক মাসের সংসদ সদস্য বেতন-ভাতা তাদের সহায়তায় প্রদান করেছেন এবং নতুন বসতঘর নির্মাণ ও নিয়মিত খাদ্য সহায়তার ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ তথ্য জানান জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
জানা গেছে, বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাদকাঠি গ্রামের বাসিন্দা রিপন দাস, সাধু দাস ও নিধু দাস দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্য ও শারীরিক প্রতিবন্ধকতার মধ্যে মানবেতর জীবনযাপন করে আসছিলেন। তাদের দুর্দশার চিত্র সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ড. মাসুদ বলেন, সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখে তিনি বিষয়টি সম্পর্কে অবগত হন। পরে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ গ্রহণ করেন।
তিনি জানান, তাৎক্ষণিকভাবে নিজের এক মাসের সংসদ সদস্য বেতন-ভাতা তিন ভাইয়ের সহায়তায় প্রদান করা হয়েছে। পাশাপাশি তাদের বসবাসের উপযোগী একটি নতুন ঘর নির্মাণ এবং নিয়মিত খাদ্য সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। স্বাধীনতার দীর্ঘ সময় পরও অনেক মানুষ এসব মৌলিক অধিকার থেকে বঞ্চিত, যা অত্যন্ত দুঃখজনক।
তিনি আরও বলেন, ধর্ম, বর্ণ বা রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল নাগরিকের মর্যাদা ও অধিকার রক্ষা করা প্রয়োজন। মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিন প্রতিবন্ধী ভাই অত্যন্ত কষ্টকর পরিবেশে জীবনযাপন করছিলেন। তাদের দুর্দশার খবর প্রকাশের পর বিভিন্ন মহলে সহানুভূতির সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় তাদের সহায়তায় এগিয়ে আসেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

