সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
ইসলামী ব্যাংক বাংলাদেশের আমানতকারীদের স্বার্থ রক্ষা, আমানতের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিতর্কিত পরিচালনা পর্ষদ বাতিলের দাবিতে বাউফলে মানববন্ধন ও এক ঘণ্টার কলম বিরতি পালন করেছে ‘সচেতন গ্রাহক ফোরাম’।
বুধবার (৪ জুন) সকালে উপজেলার হাসপাতাল রোডে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বাউফল শাখার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ব্যাংকের গ্রাহক মুজাহিদুল ইসলাম, মোস্তফা শিবলী, মাওলানা আব্দুস সোবাহান, রাসেল মাহমুদ এবং ফেরদৌসী বেগম।
বক্তারা অভিযোগ করেন, বিগত সরকারের আমলে এস আলম গ্রুপের প্রভাবে ইসলামী ব্যাংকসহ দেশের কয়েকটি ব্যাংকে অনিয়ম ও আর্থিক ক্ষতি হয়েছে। তারা দাবি করেন, এস আলমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কিছু ব্যক্তির মাধ্যমে পুনরায় ব্যাংকটির ওপর প্রভাব বিস্তারের চেষ্টা চলছে।
বক্তারা বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গ্রহণযোগ্য পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানান। একই সঙ্গে আমানতকারীদের স্বার্থবিরোধী যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

