রিজওয়ান, নওগাঁ:
নওগাঁর ধামইরহাট উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আজিজার রহমান (২৫) নামে এক আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নুরুজ্জামান হোসেন নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১ জুন) রাত ৯টার দিকে উপজেলার আমাইতাড়া–নজিপুর আঞ্চলিক সড়কের বিহারীনগর ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমাইতাড়া বাজার থেকে মোটরসাইকেলে করে বাবা ও ছেলে নিজ বাড়ি আলমপুর ইউনিয়নের চকসুবল গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে বিহারীনগর এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
সংঘর্ষে মোটরসাইকেল চালক আজিজার রহমান ঘটনাস্থলেই নিহত হন। আহত নুরুজ্জামান হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার ওপর খড়বোঝাই ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং থানায় নিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

