সিলেট প্রতিনিধি:
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) চলতি মে মাসের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, পুরো মে মাসজুড়ে পরিচালিত অভিযানে নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত আসামি, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, জুয়াড়ি ও অন্যান্য অপরাধে জড়িতদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন ১৯২ জন নিয়মিত মামলার আসামি, ১৯১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৪২ জন ছিনতাইকারী, ৯৯ জন মাদকসেবী ও ব্যবসায়ী, ৫৬ জন চোর-ডাকাত, ৫২ জন জুয়াড়ি এবং ৯০ জন হকার। একই সময়ে মেট্রো অধ্যাদেশে ৯৪৩ জনকে গ্রেফতার করা হয়।
এই সময়ে মহানগরের ৬টি থানায় ১৮৩টি মামলা দায়ের করা হয় এবং ১৭৮টি মামলার নিষ্পত্তি করা হয়।
অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইয়াবা, বিদেশি ও দেশি মদ, গাঁজা ও গাঁজার গাছ।
এছাড়া চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় জিরা, চিনি, চকলেট, ক্রিম, টি-লিফ, কম্বলসহ বিভিন্ন অবৈধ পণ্য উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের বিশেষ অভিযানে হারানো ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এবং বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৫ হাজার টাকা উদ্ধার করে ভুক্তভোগীর কাছে ফেরত দেওয়া হয়েছে।
এসএমপির এডিসি (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। মহানগরে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে অভিযান অব্যাহত রয়েছে।

