সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ প্রতিনিধি:
অনলাইন অ্যাপসে বেশি মুনাফার প্রলোভন দেখিয়ে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মো. আব্দুল হামিদ (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আব্দুল হামিদ উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার বনবাড়িয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।
বুধবার (২ জুন) দুপুরে সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ।
পুলিশ জানায়, হামিদ প্রথমে ‘ইকো ভোল্ট’ নামে একটি সোলার প্রকল্পের অ্যাপসে বিনিয়োগের কথা বলে গ্রাহকদের আকৃষ্ট করতেন। পরে ‘সিইএফ’ নামে আরেকটি অ্যাপসে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে নগদ, বিকাশ ও রকেটের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। পরবর্তীতে অ্যাপসগুলো বন্ধ হয়ে গেলে ভুক্তভোগীরা প্রতারণার বিষয়টি বুঝতে পারেন।
এ ঘটনায় সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া গ্রামের মমতাজ বেগম বাদী হয়ে ১ জুন একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ গত রাতে বনবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে আব্দুল হামিদকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি ট্যাব, একটি স্মার্টফোন এবং প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন প্রচারপত্র জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এছাড়া ‘Hamkail Moakael’ নামে একটি টেলিগ্রাম আইডি ব্যবহার করে ‘জ্বীনের বাদশা’ পরিচয়ে ভুক্তভোগীদের ভয়ভীতি ও হুমকি দেওয়ার তথ্যও পাওয়া গেছে।
গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

