এমএ আউয়াল আশিক, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মাস্টার আব্দুর রহমান একাডেমী মাঠে বসা কুরবানির পশুর হাট শেষ হওয়ার পাঁচ দিন পার হলেও এখনো মাঠের বর্জ্য অপসারণ ও সংস্কার কাজ সম্পন্ন হয়নি। এতে স্থানীয় শিক্ষার্থী, তরুণ ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ঈদুল আজহা উপলক্ষে মাঠটিতে পশুর হাট বসানো হলেও হাট শেষ হওয়ার পরও মাঠে গর্ত, খানাখন্দ ও ময়লা-আবর্জনা রয়ে গেছে। এতে মাঠটির স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়ে খেলাধুলা ও সামাজিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এলাকাবাসী জানান, মাস্টার আব্দুর রহমান একাডেমী মাঠটি স্থানীয় শিক্ষার্থী ও তরুণদের খেলাধুলার অন্যতম প্রধান কেন্দ্র। প্রতিবছর ঈদকে কেন্দ্র করে এখানে বিভিন্ন সামাজিক ও ক্রীড়া আয়োজন হলেও হাটের কারণে মাঠের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় কয়েকজন শিক্ষার্থী ও তরুণ অভিযোগ করে বলেন, হাট শেষ হওয়ার পর দ্রুত মাঠ পরিষ্কার ও সংস্কারের কথা থাকলেও এখনো কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। ফলে খেলাধুলায় চরম অসুবিধা সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে হাটের ইজারাদার মো. আফজাল হোসেন ঢালী মুঠোফোনে বলেন, “অভিযোগ আপনাদের কাছে কেন দিল, আমাদের দিতে পারল না? আগামী শুক্রবার আমরা মাঠ ঠিক করার বিষয়ে মিটিংয়ে বসব।”
এলাকাবাসী দ্রুত মাঠের বর্জ্য অপসারণ ও সংস্কার কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

