স্টাফ রিপোর্টার, ঢাকা:
রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে বিক্ষোভকারী গ্রাহকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। এ ঘটনায় বেশ কয়েকজন গ্রাহক আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ সোমবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক গ্রাহক জড়ো হয়ে বিক্ষোভ শুরু করলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ব্যাংকের লেনদেন শুরুর আগেই শত শত গ্রাহক দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা বিভিন্ন দাবিতে ব্যাংকের সামনে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
বিক্ষোভকারীরা রাস্তা ছাড়তে অস্বীকৃতি জানালে পুলিশ তাঁদের ওপর লাঠিচার্জ শুরু করে। জবাবে গ্রাহকদের একাংশও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ জলকামান থেকে পানি ছিটিয়ে এবং সাউন্ড গ্রেনেড ফাটিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
সংঘর্ষের সময় পুলিশের ছোঁড়া ইটের আঘাতে একজন গ্রাহক গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে নিকটস্থ ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটালে নিয়ে যাওয়া হয়। এ ছাড়া লাঠিচার্জ ও হুড়োহুড়িতে আরও বেশ কয়েকজন গ্রাহক কমবেশি আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার পর থেকে মতিঝিল ও দিলকুশা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইসলামী ব্যাংক টাওয়ার ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

