ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী ডা. জাহিদ হোসেন সুশাসন ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চান তিনি। পাশাপাশি আন্দোলনে আহত ও পঙ্গুত্ব বরণকারীদের দ্রুত সুস্থতা কামনা করেন।
শুক্রবার (২৯ মে) দুপুর আড়াইটার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, ‘দেশের মানুষের পাশে থাকার দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মানুষের সমস্যার সময় তাঁদের পাশে দাঁড়াতে হবে। সমস্যা সমাধানে সহযোগিতা করলে মানুষ কখনো তা ভুলবে না।’
তিনি আরও বলেন, ‘একসঙ্গে থাকা ও চলার মাধ্যমে সামাজিক ঐক্য সৃষ্টি হবে। এর মাধ্যমে সামাজিক শৃঙ্খলা ও সহমর্মিতার পরিবেশ বজায় থাকবে।’
এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চান। পাশাপাশি আগামী ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।
সব মসজিদ, মন্দির ও গির্জায় নিজ নিজ ধর্ম অনুযায়ী প্রার্থনা করারও অনুরোধ জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের ভারপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, রংপুর বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আমিনুর ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি শামীম হোসেন চৌধুরী এবং পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

