সম্পর্ক চুকেবুকে গেছে বহু আগে, বাস্তবে নেই কোনো যোগাযোগ। তবুও হঠাৎ মাঝরাতে স্বপ্নে দেখা মিলল পুরোনো সেই মানুষটির। ঘুম ভাঙার পর এমন অভিজ্ঞতায় অনেকেই অস্বস্তি বা কৌতূহলে ভোগেন। অনেকে আবার ভাবেন, তবে কি মনের কোণে এখনো ভালোবাসা অবশিষ্ট আছে? মনোবিজ্ঞানীরা বলছেন, প্রাক্তনের স্বপ্নে আসার অর্থ সবসময় ভালোবাসা নয়, বরং এর পেছনে কাজ করে অবচেতন মনের নানা জটিল প্রক্রিয়া।
বিখ্যাত ফ্যাশন সাময়িকী ভোগ-এ প্রকাশিত এক প্রতিবেদনে মনোবিদ কোচ এল ম্যাসে এই বিষয়ের ওপর আলোকপাত করেছেন।
স্বপ্নের ব্যাখ্যা নিয়ে মনোবিজ্ঞানের দুই প্রবাদপ্রতিম ব্যক্তির ভিন্ন ভিন্ন মত রয়েছে:
স্বপ্ন হলো মানুষের দমিত ইচ্ছা ও অবচেতন আকাঙ্ক্ষার প্রতিফলন। অর্থাৎ, যা আমরা বাস্তবে প্রকাশ করতে পারি না, তা-ই স্বপ্নে দেখা দেয়।

কার্ল জাংকরতেন, স্ব প্ন সবসময় সরাসরি কোনো অর্থ বহন করে না। বরং এটি মানুষের মনের গভীর স্তরের নানা অনুভূতি ও অতীতের অভিজ্ঞতার সংমিশ্রণ।
কেন স্বপ্নে দেখা মেলে প্রাক্তনের?
মনোবিজ্ঞানীদের মতে, এর পেছনে মূলত তিনটি প্রধান কারণ থাকতে পারে:
১. অমীমাংসিত আবেগ (Unresolved Emotions):
সম্পর্ক শেষ হলেও অনেক সময় মনে কিছু প্রশ্ন বা না বলা কথা থেকে যায়। সেই অমীমাংসিত অনুভূতির ‘ক্লজার’ বা সঠিক সমাপ্তি না হলে অবচেতন মন তা স্বপ্নের মাধ্যমে সামনে নিয়ে আসে।
২. মস্তিষ্কের স্মৃতি বিন্যাস:
আমাদের মস্তিষ্ক সারাদিনের অভিজ্ঞতা ও স্মৃতিগুলো গুছিয়ে রাখার কাজ করে। এই প্রক্রিয়ায় অনেক সময় পুরনো স্মৃতির ড্রয়ার খুলে যায় এবং কোনো বিশেষ মুহূর্ত বা মানুষের অবয়ব স্বপ্নে ফুটে ওঠে। এর পেছনে গভীর কোনো উদ্দেশ্য নাও থাকতে পারে।
৩. বর্তমান জীবনের শূন্যতা:
বর্তমানে যদি কেউ একাকিত্ব বা মানসিক চাপে থাকেন, তবে তার অবচেতন মন অতীতে পাওয়া কোনো স্বস্তি বা আবেগের মুহূর্তগুলো খুঁজতে থাকে। সেই সুবাদে প্রাক্তনের স্মৃতি স্বপ্নে হানা দিতে পারে।
বিশেষজ্ঞদের মতে, প্রাক্তনকে স্বপ্নে দেখার মানেই এই নয় যে আপনি এখনো তাকে ভালোবাসেন বা সেই সম্পর্কে ফিরতে চান। বরং এটি আপনার জীবনের একটি নির্দিষ্ট সময়ের প্রতিফলন হতে পারে। তবে যদি একই স্বপ্ন বারবার ফিরে আসে, তবে বুঝতে হবে মনের ভেতরে কোনো আক্ষেপ বা কষ্ট রয়ে গেছে যা আপনি এখনো কাটিয়ে উঠতে পারেননি।
মনোবিদদের পরামর্শ হলো, এমন স্বপ্নে বিচলিত না হয়ে নিজের বর্তমান মানসিক অবস্থা বোঝার চেষ্টা করা। এটি আসলে আপনার অবচেতন মনের একটি সাধারণ প্রক্রিয়া মাত্র।

