চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অপরাধীদের সাম্প্রতিক হামলার কড়া জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জঙ্গল সলিমপুরকে আর ‘সন্ত্রাসীদের অভয়ারণ্য’ থাকতে দেওয়া হবে না। খুব দ্রুতই এই এলাকাকে পুরোপুরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে আনা হবে।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে পুলিশ সদর দপ্তরের কন্ট্রোল রুম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা যে দুঃসাহস দেখিয়েছে, তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে। ওই এলাকাকে কেন্দ্র করে সরকারের বড় পরিকল্পনা রয়েছে। সেখানে পুলিশের একটি অত্যাধুনিক ট্রেনিং সেন্টার এবং একটি কারাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।” তিনি উল্লেখ করেন, বিগত সরকারের আমলে আইনের শাসন না থাকায় এলাকাটি অপরাধীদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছিল, যা বর্তমান সরকার নির্মূল করতে বদ্ধপরিকর।
সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে সালাহউদ্দিন আহমদ বলেন, সীমান্তে ছোটখাটো বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও দেশের সামগ্রিক পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার কোনো সুযোগ নেই। জননিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
আসন্ন ঈদ প্রসঙ্গে মন্ত্রী জানান, এবারের ঈদযাত্রায় এখন পর্যন্ত বড় ধরনের কোনো সংকট তৈরি হয়নি। মহাসড়কে যাত্রীদের ভোগান্তি কমাতে এবং নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করতে পুলিশ সক্রিয় রয়েছে।
মাদক ইস্যুতে কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, “মাদক কারবারের সঙ্গে যদি কোনো পুলিশ সদস্যের ন্যূনতম সংশ্লিষ্টতা পাওয়া যায়, তবে তাকে শুধু শাস্তি নয়, সরাসরি চাকরিচ্যুত করা হবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না, সে যে-ই হোক না কেন।”
জঙ্গল সলিমপুরের দখলদার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকারের এই কঠোর অবস্থান সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

