জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ প্রতিনিধ:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ১০ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষক মজুর মৎস্যজীবী সংগ্রাম কমিটি। সোমবার (২৫ মে) বিকেল ৩টায় উপজেলার পাগলা বাজারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জয়কলস ইউনিয়ন পরিষদের প্রাক্তন সদস্য সাহেব আলী। সভা পরিচালনা করেন কৃষক সন্তান ও ব্যবসায়ী জসিম উদ্দিন।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক মিনহাজ আহমেদ, জাতীয় মুক্তি কাউন্সিলের নেতা আলতাফুর রহমান, কৃষক সন্তান ইমরান হোসেন, কৃষক আবদুল খালিক, জোনেদ আহমদ, জাকির হোসেন৷
বক্তারা সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলের কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা তুলে ধরে কৃষক, মজুর ও মৎস্যজীবীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি সরকারের কাছে উপস্থাপন করেন।
তাদের উত্থাপিত ১০ দফা দাবির মধ্যে রয়েছে— হারভেস্টার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির তদন্ত এবং কৃষকদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত অর্থ ফেরত প্রদান, হাওরে বাঁধ ও জলকপাট ব্যবস্থাপনায় দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্টদের বিচার, হাওর-বিল-নদী-খালের ইজারা ব্যবস্থা বাতিল করে স্থানীয় জনগণের মাছ ধরার অধিকার নিশ্চিত করা, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন ও কৃষিঋণ মওকুফ, ক্ষতিগ্রস্ত পরিবারকে ছয় মাসের খাদ্য সহায়তা প্রদান, হাওরে বজ্রপাত নিরোধক ও আশ্রয়কেন্দ্র নির্মাণ, হাওর থেকে মূল সড়কের সঙ্গে সংযোগ স্থাপনে পানিনিমজ্জিত উপযোগী পাকা সড়ক নির্মাণ এবং বিনামূল্যে গবাদিপশুর খাদ্য সরবরাহ।
এছাড়া বক্তারা অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানি দ্রুত অপসারণে বিশেষজ্ঞদের মাধ্যমে সমীক্ষা পরিচালনা করে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং হাওরাঞ্চলে সমবায়ভিত্তিক কৃষি উৎপাদন ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কৃষি উপকরণ সরবরাহ, উৎপাদন, বিক্রয় ও সংরক্ষণের সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার দাবি জানান।
বক্তারা বলেন, হাওরাঞ্চলের কৃষক ও শ্রমজীবী মানুষের জীবন-জীবিকা রক্ষায় এসব দাবি দ্রুত বাস্তবায়ন প্রয়োজন। তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দাবি আদায়ে প্রয়োজন হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় কৃষক, মজুর, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

