বাংলাদেশের জন্য আগামী পাঁচ বছরে ৫ বিলিয়ন মার্কিন ডলার সহায়তার পরিকল্পনা ঘোষণা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (Asian Development Bank)। একই সঙ্গে দেশের বার্ষিক ঋণ সহায়তা প্রায় ২০ শতাংশ বাড়ানোর কথাও জানিয়েছে সংস্থাটি।
সোমবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ তথ্য জানান এডিবি সভাপতি মাসাতো কান্দা। বৈঠকে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।
এডিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ” নামের একটি নতুন কর্মসূচির আওতায় এই অর্থ সহায়তা দেওয়া হবে। এর মাধ্যমে আগামী পাঁচ বছরে বছরে গড়ে প্রায় ১ বিলিয়ন ডলার করে ঋণ দেওয়া হবে।
এডিবি সভাপতি মাসাতো কান্দা বলেন, বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন পর্যায়ে প্রবেশ করছে। স্থিতিশীলতা ধরে রাখা, নতুন প্রবৃদ্ধির খাত তৈরি এবং অর্থনীতিকে আরও বহুমুখী করার জন্য সংস্থাটি সহায়তা অব্যাহত রাখবে।
বর্তমানে বাংলাদেশে এডিবির বার্ষিক সার্বভৌম ঋণ প্রতিশ্রুতি প্রায় ২ বিলিয়ন ডলার। এটি মধ্যমেয়াদে বাড়িয়ে প্রায় ২.৪ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে।
এডিবি জানিয়েছে, বাড়তি অর্থায়ন বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক বৈষম্য কমাতে সহায়তা করবে। পাশাপাশি স্বল্পোন্নত দেশের (এলডিসি) উত্তরণ প্রক্রিয়াতেও এই সহায়তা ভূমিকা রাখবে।
মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে জ্বালানি, এলএনজি ও পরিবহন ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে বাংলাদেশকে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার সহায়তার কথাও জানিয়েছে সংস্থাটি।
এছাড়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কারিগরি সহায়তা হিসেবে আরও ২০ মিলিয়ন ডলার দেওয়া হবে বলে জানানো হয়।

