সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বর্ণাঢ্য নৃত্য উৎসবের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী নৃত্য প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি হয়েছে। শনিবার রাতে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে শ্রীমঙ্গল নৃত্যালয়ের আয়োজনে এ উৎসব ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু, শ্রীমঙ্গল সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের সভাপতি মশিউর রহমান রিপন, ভারতের কলকাতা থেকে আগত নৃত্যশিল্পী সুমন মন্ডল, দিল্লি থেকে আগত নৃত্যশিল্পী নিপুন দাডু নাবিলা, ঢাকা থেকে আগত নৃত্যশিল্পী ও প্রশিক্ষক আবু নাইম এবং শ্রীমঙ্গল নৃত্যালয়ের পরিচালক দ্বীপ দত্ত আকাশসহ স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা।
উৎসবে শ্রীমঙ্গল নৃত্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশ ও ভারতের বিভিন্ন নৃত্যদল অংশ নেয়। নৃত্যের নানা শৈলী, দলীয় ও একক পরিবেশনায় জেলা পরিষদ অডিটোরিয়াম মুখর হয়ে ওঠে। মনোমুগ্ধকর পরিবেশনায় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয় এবং অনুষ্ঠানটি এক সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়।
শ্রীমঙ্গল নৃত্যালয়ের পরিচালক দ্বীপ দত্ত আকাশ জানান,গত ১৯ মে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী কর্মশালায় নৃত্যালয়ের ১০৫ জন নৃত্যশিল্পী অংশ নেন। ঢাকা থেকে আগত প্রশিক্ষক আবু নাইম অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নৃত্যের বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ দেন।
তিনি বলেন,কর্মশালার সমাপনী উপলক্ষে আয়োজিত নৃত্য উৎসবে শ্রীমঙ্গল নৃত্যালয়সহ বাংলাদেশ ও ভারতের মোট ১৮টি নৃত্যদল অংশ নেয়। এ ধরনের আয়োজন স্থানীয় নৃত্যশিল্পীদের দক্ষতা বৃদ্ধি এবং সাংস্কৃতিক চর্চাকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

