দেশে চলমান তাপপ্রবাহে জনজীবনে যখন নাভিশ্বাস উঠছে, ঠিক তখনই বৃষ্টির সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এই স্বস্তির খবর কিছুটা চিন্তার কারণ হতে পারে কোরবানির ঈদের পরিকল্পনায়। আগামী বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহার দিনে দেশের ৫টি বিভাগের বিভিন্ন জেলায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
রোববার (২৪ মে) সন্ধ্যায় দেওয়া আগামী ৫ দিনের বিশেষ আবহাওয়া বার্তায় জানানো হয়, বুধবার (২৭ মে) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অর্থাৎ ঈদের দিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এ সময় ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির ফলে ঈদের দিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঈদের আগের ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সময়ে উত্তর ও পূর্বাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
বৃষ্টির পূর্বাভাস থাকলেও দেশের বেশ কিছু জেলায় এখনো মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া এই তাপপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। এর ফলে ভ্যাপসা গরমে জনজীবনে ভোগান্তি কাটছে না।
আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ঈদের দিন বৃষ্টির প্রবণতা বাড়লে গরমের তীব্রতা কিছুটা কমে স্বস্তি ফিরতে পারে বলে আশা করা হচ্ছে। তবে ভারি বৃষ্টির আশঙ্কায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ ও ঈদ জামাত নিয়ে আগাম প্রস্তুতির পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

