শাপলা চত্বরের ঘটনাকে ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই সাংবাদিকের গ্রেফতারের বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হস্তক্ষেপ সমীচীন হবে না বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
রোববার (২৪ মে) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের বিরুদ্ধে দলগতভাবে কোনো তদন্ত চলছে কি না—এমন প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে তার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।
তিনি জানান, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের ৩১টি মামলার তদন্ত বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং অগ্রাধিকার ভিত্তিতে সেগুলোর কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে আলোচিত হয় দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সাগর-রুনি হত্যা মামলার বিষয়টিও। এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, এত বছর পার হলেও মামলার তদন্ত সম্পন্ন না হওয়া অত্যন্ত হতাশাজনক।
তিনি আরও জানান, দায়িত্ব গ্রহণের পর তিনি সাতটি মামলার পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন। এসব মামলার তদন্তকাজ শেষ হলে আসন্ন ঈদুল আজহার পর অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে।
এ সময় আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিচারপ্রক্রিয়া দ্রুত শেষ করতে উচ্চ আদালতের নিবিড় তদারকি প্রয়োজন, যাতে মামলাটির নিষ্পত্তি অযথা বিলম্বিত না হয়।

