মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য ইরানের অধিকার মেনে নেওয়াই একমাত্র বাস্তবসম্মত পথ বলে মন্তব্য করেছে তেহরান। শনিবার (২৩ মে) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক এ দাবি করেন।
আল জাজিরার বরাতে জানা যায়, তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তালাই-নিক বলেন, ইরানের ন্যায্য দাবি প্রত্যাখ্যান করলে তা যুক্তরাষ্ট্রের জন্য আরও রাজনৈতিক ও কৌশলগত ব্যর্থতা ডেকে আনতে পারে।
তিনি দাবি করেন, চলমান সংকট থেকে বের হওয়ার জন্য যুদ্ধক্ষেত্র এবং কূটনৈতিক—উভয় ক্ষেত্রেই ওয়াশিংটন ও তার মিত্রদের সামনে সবচেয়ে কার্যকর উপায় হলো ইরানি জনগণের দাবি ও অধিকারকে স্বীকৃতি দেওয়া।
রেজা তালাই-নিক আরও বলেন, সংঘাত অব্যাহত থাকলে এর অর্থনৈতিক ও মানবিক মূল্য শুধু সংশ্লিষ্ট পক্ষগুলোর ওপরই নয়, বরং মার্কিন জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপরও বাড়তি চাপ সৃষ্টি করবে। তাই পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করা প্রয়োজন।
তেহরানের এই বক্তব্য এমন সময়ে এলো, যখন ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

