আফগানিস্তানের তালেবান সরকার নতুন একটি আইনের মাধ্যমে বাল্যবিবাহকে কার্যত বৈধতা দিয়েছে বলে অভিযোগ তুলেছেন মানবাধিকারকর্মীরা।
শুক্রবার (২২ মে) দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, নতুন আইন অনুযায়ী জোরপূর্বক বা অপ্রাপ্তবয়স্ক বিয়ের বিরুদ্ধে পরে আপত্তি জানালেও অনেক ক্ষেত্রে নারীরা বিবাহবিচ্ছেদের সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন।
মানবাধিকারকর্মীদের দাবি, তালেবান শাসনে মেয়েশিশুদের শিক্ষার ওপর নিষেধাজ্ঞা এবং সামাজিক বিধিনিষেধের কারণে অল্প বয়সে বিয়ের প্রবণতা বেড়েছে। একাধিক গবেষণায় বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে বাল্যবিবাহের হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, নতুন আইনে স্বামীর অনুপস্থিতি বা আর্থিক সহায়তা না দেওয়াকে একমাত্র কারণ দেখিয়ে বিচ্ছেদ চাওয়ার সুযোগও সীমিত করা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে নারীদের অধিকার আরও সংকুচিত হবে বলে মনে করছেন অধিকারকর্মীরা।
তবে তালেবান কর্তৃপক্ষ এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, এ ধরনের সমালোচনা ইসলামী ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান থেকে আসছে।
এদিকে জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা আইনটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং এটিকে নারী ও কন্যাশিশুর অধিকার ক্ষুণ্ন করার নতুন ধাপ হিসেবে উল্লেখ করেছে।

